Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আপাতত রুট পরিবর্তন হচ্ছে না সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস ট্রেনের

admin • 04 Nov 2024, 11:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আপাতত রুট পরিবর্তন হচ্ছে না সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস ট্রেনের

রাজবাড়ী-ঢাকা রুটে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট আপাতত পরিবর্তন হচ্ছে না। ট্রেন দুটি রাজবাড়ী স্টেশন হয়ে চলাচল করবে। সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মতবিনিময় সভায় রাজবাড়ীর প্রেসক্লাবসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সমাজ উন্নয়নে মানুষের কাছে সঠিক তথ্য প্রচারে সার্বিক সহোযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক আরো বলেন, আমি রাজবাড়ী জেলায় যোগদান করার পরই জানতে পেরেছি, এ জেলার মানুষ সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে আন্দোলন করছেন। আমি বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী সাহেবের সাথে কথা বলেছি। এখানকার রাজনৈতিক অবস্থা ও মানুষের চাহিদার কথা আমি তার কাছে তুলে ধরেছি।

উল্লেখ্য, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে শ‌নিবার (২ নভেম্বর) রাত পৌ‌নে ৮টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীর ভা‌টিয়াপাড়া থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগা‌মী 'রাজবাড়ী এক্সপ্রেস' ট্রেন রাজবাড়ী রেলস্টেশনে আটকে রেলপথে দাঁড়িয়ে বিক্ষোভ করেন সাধারণ জনতা।

 

একই দাবিতে রোববার (৩ নভেম্বর) সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'মধুমতী এক্সপ্রেস' ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী 'সুন্দরবন এক্সপ্রেস' ট্রেন রাজবাড়ী রেলস্টেশনে আটকে রেখে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

এছাড়া সোমবার (৪ নভেম্বর) সকালে এ দাবিতে রাজবাড়ী রেলস্টেশনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়।

 

বিক্ষোভকারীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'সুন্দরবন এক্সপ্রেস' ও বেনা‌পোল থেকে ছেড়ে আসা ঢাকাগা‌মী 'বেনা‌পোল এক্সপ্রেস' ট্রেন দুটি আগামী ১৫ নভেম্বর থেকে অন‌্য রুটে চলাচল করবে এমন খবর জানতে পারেন তারা। ট্রেনের রুট প‌রিবর্তন হলে রাজবাড়ীসহ আশপাশের কয়েক‌টি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। যে কারণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবি তাদের।

 

এ সময় বিক্ষোভকারীরা বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বন্ধ না করে এ রুটে আরো নতুন ট্রেন দেয়ার দাবি জানান। দা‌বি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়া‌রি দেন বিক্ষোভকারীরা।

 

২০২৩ সালের নভেম্বরে রাজবাড়ী ওপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল শুরু করে। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় রাজবাড়ীসহ আশপাশের কয়েক জেলার মানুষের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।