বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। শপথ নিয়ে রোববার (১১ আগস্ট) দুপুর সোয়া ২টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাকে অভিনন্দন জানান প্রধান বিচারপতি দপ্তরের কর্মকর্তারা। এ সময় নব নিযুক্ত প্রধান বিচারপতি সকলকে গণজাগরণের অভিনন্দন জানান।
এর আগে রোববার (১১ আগস্ট) দুপুর ১২টার পরে বঙ্গভবনে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। এ সময় তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত শনিবার (১০ আগস্ট) সৈয়দ রেফাত আহমেদকে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আইন ও বিচার শাখার উপসচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।





