ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জনগণ শুধু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসায়নি। রাষ্ট্র সংস্কারের জন্যেও এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। তাই আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন।’
বুধবার বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে জেলা গণঅধিকার পরিষদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় নুর সরকারকে উদ্দেশ্যে করে বলেন, ‘রাজনৈতিক দলের পরামর্শ ও মতামতে রাষ্ট্র পরিচালনা করলে জনগণ তাদের সাথে থাকবে। আর রাজনৈতিক দলগুলো থেকে দূরে সরে গেলে সরকারের পরিণতি মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের মতো হতে পারে।’
নুর বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে যারা অবস্থান নেবে তাদের প্রতিহত করতে হবে। বিএনপি-জামায়াতসহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামলে সরকার বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে।’
এছাড়াও গণহত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন। এছাড়াও সমাবেশে জেলার সাত উপজেলাসহ আশপাশের জেলার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।





