জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া গ্রামে দুই একরেরও বেশি জমি দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রবিদাস (মুচি) সম্প্রদায়ের সাতটি সংখ্যালঘু পরিবার। অভিযোগ, স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও তার স্বজনরা দীর্ঘদিন ধরে এ জমি জোরপূর্বক দখল করে রেখেছেন।
রোববার (১০ আগস্ট) সকালে দখলকৃত জমির ওপরেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি ফুলচাঁন রবিদাস জানান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. শাহজাহান, তার ভাতিজা একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকিউল ইসলাম রানা সরকার ও তাদের স্বজনরা দুই একর ১৯ শতাংশ জমি দখল করে রেখেছেন।
তিনি বলেন, “আমাদের মোট জমি দুই একর ৭৯ শতাংশ। বর্তমানে দখলে আছে মাত্র ৬০ শতাংশ। বিদ্যুৎ সংযোগ নেয়ার উদ্যোগ নিলেও অভিযুক্তরা দলীয় প্রভাব খাটিয়ে খুঁটি তুলে ফেলেন। ফলে বহু বছর ধরে বিদ্যুতের আলো থেকে বঞ্চিত হয়ে আমরা কুপিবাতি জ্বালিয়ে দিন কাটাচ্ছি।”
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো. রফিক হাওলাদার, আলহাজ্ব মকবুল হোসেন, রুস্তম আলী, আব্দুল হক, আহ্সান হাবিব ও জাকির হোসেন দাবি করেন, বহু বছর ধরে এই জমিতে রবিদাস সম্প্রদায়ের লোকদের চাষাবাদ ও বসবাস করতে দেখেছেন।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মো. রেজাউল করিম সোহেল জানান, জমি নিয়ে বিরোধ মীমাংসায় একাধিক বৈঠক হলেও সমাধান মেলেনি।
তবে অভিযুক্ত মো. শাহজাহান দাবি করেন, “জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। রবিদাস সম্প্রদায়ের কেউ কখনো এ জমির মালিক ছিলেন না। বহু বছর আগে মানবিক কারণে তাদের অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছিলাম।” তিনি আরও জানান, ১৯৭২ সালের পর থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।





