Thursday, 3 September 2026
শিরোনাম
মতামত

অস্থিতিশীল বিশ্ব,'স্বপ্ন কুড়াই' এর ভাবনা!

admin • 01 Mar 2026, 10:34 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অস্থিতিশীল বিশ্ব,'স্বপ্ন কুড়াই' এর ভাবনা!

বর্তমান বিশ্ব এক গভীর অস্থিতিশীলতার মধ্য দিয়ে অতিক্রম করছে। কোথাও যুদ্ধ, কোথাও অর্থনৈতিক সংকট, কোথাও নৈতিক অবক্ষয়—সব মিলিয়ে মানবসভ্যতা আজ অনিশ্চয়তার এক কঠিন সময়ে দাঁড়িয়ে। প্রযুক্তির অগ্রগতি ও বৈশ্বিক সংযোগ যতই বৃদ্ধি পাক, মানুষের ভেতরের দূরত্ব যেন ততই বাড়ছে। শান্তির ভাষণ বাড়ছে, কিন্তু শান্তি নিজেই যেন সংকুচিত হয়ে পড়ছে।

আমরা প্রায়ই অস্থিতিশীলতার কারণ খুঁজতে গিয়ে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি বা বৈশ্বিক শক্তির দ্বন্দ্বের দিকে তাকাই। কিন্তু একটি মৌলিক প্রশ্ন আমরা অনেক সময় উপেক্ষা করি—এই বিশ্ব গঠিত হয়েছে কারা দিয়ে? উত্তরটি সহজ: পরিবার দিয়ে। বাবা, মা, ভাই, বোন মিলে একটি পরিবার; আর পরিবারগুলোর সমষ্টিই সমাজ, সমাজের সমষ্টিই দেশ, আর দেশগুলোর সমন্বয়ে বিশ্ব।

একটি পরিবারের সুখ-সমৃদ্ধি নির্ভর করে সমৃদ্ধ পারিবারিক বন্ধনের উপর। যেখানে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, দায়িত্ববোধ ও নৈতিক শিক্ষা থাকে—সেই পরিবার দৃঢ় ভিত্তির উপর দাঁড়ায়। কিন্তু আমাদের বাস্তবতা হলো, অধিকাংশ পরিবারের পারিবারিক বন্ধন আজ দুর্বল বা ভঙ্গুর। ভুল বোঝাবুঝি, অসহিষ্ণুতা, স্বার্থপরতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে পরিবারগুলোতে অশান্তি ও মামলা-ঝামেলা বাড়ছে।

অস্থিতিশীল পরিবার থেকে জন্ম নিচ্ছে অস্থিতিশীল সমাজ। অশান্ত পরিবারে বেড়ে ওঠা শিশু-কিশোরেরা প্রায়ই মানসিক নিরাপত্তাহীনতায় ভোগে। তারা সহনশীলতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের চর্চা থেকে বঞ্চিত হয়। এর ফলশ্রুতিতে সমাজে বাড়ে বিভাজন, সহিংসতা ও অবিশ্বাস। সমাজ যখন অস্থিতিশীল হয়, তখন দেশও স্থিতিশীল থাকতে পারে না। আর বহু দেশের অস্থিরতা মিলেই সৃষ্টি হয় একটি অস্থিতিশীল বিশ্ব।

এই প্রেক্ষাপটে স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থা মনে করে—বৈশ্বিক মানবতার শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রথম ও প্রধান কাজ হলো প্রত্যেকটি পরিবারের বন্ধনকে সমৃদ্ধ করা। রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের নিজ নিজ ক্ষেত্রে কাজ করবে, কিন্তু প্রকৃত পরিবর্তনের সূচনা হতে হবে পরিবার থেকে।

একটি সুস্থ পরিবার মানে একটি শক্তিশালী সমাজের ভিত্তি। যখন প্রতিটি পরিবারে ভালোবাসা, দায়িত্ববোধ ও নৈতিকতার চর্চা হবে, তখন সমাজে অশান্তির বীজ কমে আসবে। সমাজ সুসংহত হলে দেশ শক্তিশালী হবে, আর শক্তিশালী ও ন্যায়ভিত্তিক দেশগুলো মিলেই গড়ে উঠবে একটি স্থিতিশীল বিশ্ব।

অতএব, অস্থিতিশীল বিশ্বকে পরিবর্তন করতে চাইলে আমাদের দৃষ্টি ফিরিয়ে আনতে হবে নিজের ঘরে। বাবা-মা, ভাই-বোনের বন্ধনকে দৃঢ় করা—এই ছোট পদক্ষেপই হতে পারে বড় পরিবর্তনের সূচনা। স্বপ্ন কুড়াই বিশ্বাস করে, “বিশ্ব শান্তির সূচনা পরিবার থেকে।”

পরিবারের বন্ধন সমৃদ্ধ হলেই মানবতার ভবিষ্যৎ হবে স্থিতিশীল, সুন্দর ও সমৃদ্ধ।

লেখক : সভাপতি স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থা ও সহযোগী অধ্যাপক, ই ই ই বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।