নীলফামারীর জলঢাকা উপজেলায় দাখিল পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অপরাধে এক তরুণকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৭ মে) বিকেলে ছিটমীরগঞ্জ ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রের সচিব আবদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন উপজেলার ছিটমীরগঞ্জ ফাজিল মাদরাসাকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নীলফামারী সদর উপজেলার দুহুলী চংকাপাড়ার মো. জাহিদুল ইসলামের ছেলে মুকুল ইসলাম (১৯)।
জানা গেছে, শনিবার সকালে দাখিল পরীক্ষায় বন্ধুর হয়ে প্রক্সি দিতে আসেন মুকুল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে আসলে তাকে দেখে সন্দেহ হয়। এ সময় প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে থাকা ছবির সঙ্গে মুকুলের চেহারার মিল না পাওয়া যায়নি। পরে তাকে এক বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেন তিনি।
পরীক্ষাকেন্দ্রের সচিব আবদুর রশীদ জানান, শনিবার ইউএনও এসে পরীক্ষা চলাকালে মুকুলকে কারাদণ্ড দেন। সে অন্যের প্রক্সি দিচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম জানান, শনিবার অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে মুকুলকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জলঢাকা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় জানান, শনিবার মুকুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।





