গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ৫ লাখ টাকা হেরে আত্মহত্যা করেছেন জাবেদ আলী নামে এক ভ্যানচালক। শনিবার (১৮ জুলাই) গভীর রাতে ক্যাসিনো খেলার পর টাকা হেরে তিনি এই আত্মহত্যার ঘটনা ঘটান বলে জানা গেছে।
নিহত জাবেদ আলী সাদুল্যাপুর উপজেলার নলডাঙা ইউনিয়নের পূর্ব খামার দশলীয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। বিভিন্ন সময় আত্মীয়স্বজনের কাছ থেকে সুদের টাকা নিয়ে ক্যাসিনোর খেলতেন। গতকাল রাতেও ক্যাসিনো খেলে টাকা হারার পর বাড়ীতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে আজ রবিবার স্বজনরা ঘরের দরজা খুলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পায়। এরপর সাদুল্যাপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সাদুল্যাপুর থানা পুলিশের উপপরিদর্শক মো শাহীন মিয়া বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। বর্তমানে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’





