Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

admin • 01 Apr 2023, 08:26 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বরিশালে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারদিন গাজী (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রাহান ও ইমন নামে ফারদিনের সঙ্গে থাকা আরও দুই কিশোর আহত হয়েছে।

 

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় নগরীর ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফারদিন শহরের ভাটিখানা এলাকার বাসিন্দা। তার বাবার নাম এনামুল হক গাজী।

 

ভাটিখানার বাসিন্দা মনির হোসেন জানিয়েছেন, ফারদিন লেখাপড়া করতো না। দুই মাস আগে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করে সে। কোনোভাবেই তাকে মানাতে না পেরে মোটরসাইকেল কিনে দেন বাবা। শুক্রবার মোটরসাইকেলে তিন জন বেপরোয়া গতিতে চলার সময় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এ সময় অটোরিকশার গ্লাস ভেঙে ফারদিনের মাথায় ঢুকে যায়। স্থানীয়রা উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার এসআই সুজিত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।