রাজধানীর ডেমরার বাশপট্টি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সুরুজ আলীর ( ৬০) বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাগরদী এলাকার কৃষ্ণপট্টি গ্রামে। তার বাবা প্রয়াত হজ আলী। ডেমরার কোনাপাড়ায় পরিবারের সাথে বসবাস করতেন সুরুজ আলী।
পুলিশ জানিয়েছে, রোববার রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. আলমাছ বলেন, আমার বাবা রাত সাড়ে ৭টার দিকে ডেমরার বাশেরপুল এলাকার প্রধান সড়ক হেঁটে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল বাবাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
তিনি বলেন, আমরা বিষয়টি জানতে পেরে আমার বাবাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, আমার বাবা আর বেঁচে নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।





