৫৮ বছর পর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৫ এপ্রিল, শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ। সে বছর তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রিতে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ।
তিনি বলেন, ৫৮ বছর পর ঢাকার তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর আগে ১৯৬৫ সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ঢাকার তাপমাত্রা এতো উপরে উঠেনি।
গতকাল শুক্রবার ঢাকার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, গত ৯ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি।





