আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জননিরাপত্তা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সব ধরনের ড্রোন বা রিমোটলি কন্ট্রোলড এয়ারক্রাফট সিস্টেম উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার বেবিচকের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই জরুরি নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে সরকারি বা বেসরকারি কোনো সংস্থা যদি গবেষণা, জরিপ, কৃষিকাজ, পরিবীক্ষণ কিংবা ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে চায়, তবে তাদের যথাযথ নিয়ম মেনে বেবিচকের কাছে আবেদন এবং সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র সাপেক্ষে অনুমতি নিতে হবে।
বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, এই নির্দেশনা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা 'বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭'-এর ২৪ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





