ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য এক জয় পেয়েছে বাংলাদেশ। ১৮৬ রানে রোহিত শর্মাদের আউট করে দিয়েও পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল টাইগাররা। ১৩৬ রানের মাথায় পড়েছিল ৯ম উইকেট। ৫১ রান দূরে থাকতে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।
খুব কাছে গিয়েও জয় হারিয়ে ফেলার ক্ষত হয়তো এখনও দগদগে ভারতের। এর মধ্যেই নুনের ছিটা হয়ে এলো আইসিসির শাস্তি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মন্থর ওভার রেটের জন্য জরিমানা গুণতে হচ্ছে রোহিত শর্মাদের।
আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার ভারতীয় ক্রিকেটারদের এই শাস্তির খবর জানায় আইসিসি। ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা দিতে হবে দলের সবাইকে।
এই ৪৬ ওভার করতেই নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল সফরকারীরা। ভারতীয় অধিনায়ক রোহিত নিজেদের দায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেলের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন আইসিসি ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।





