Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

admin • 28 Mar 2024, 07:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ভাতা বৃদ্ধির আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন চার দফা দাবিতে আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুরে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

 

ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, এই বাজারে এতো অল্প টাকায় চলা সম্ভব না। ঈদের পরেই তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে।’

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরাই একটি হাসপাতালের প্রাণ। তারা খেয়ে, না খেয়ে হাসপাতালের রোগীদের সেবা করেন। সিনিয়র চিকিৎসকরা রাউন্ড দিয়ে চলে গেলে এই ইন্টার্ন চিকিৎসকরাই রোগীদের নানারকম অসুবিধাগুলোর দেখভাল করেন। কাজেই তাদের দাবীগুলোর যৌক্তিকতা বুঝে আমি নিজে ফাইল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী ফাইল গ্রহন করেছেন এবং অতি দ্রুত দেশের ইন্টার্নি চিকিৎসকদের জন্য ভাতা বৃদ্ধির সুরাহা করতে উদ্যোগ নিবেন বলেছেন।

আমি ইন্টার্নি চিকিৎসকদের প্রতি এটাই বলতে চাই, তারা আন্দোলন না করে চিকিৎসা শিক্ষার কাজে মনোযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তিনি ফাইল গ্রহন করে ব্যবস্থা নিবেন বলেছেন। আমি বিশ্বাস করি, আমরা দ্রুততম সময়ে আপনাদেরকে ভালো খবর দিতে সক্ষম হতে পারব।’

 

ভাতা বাড়ানো, বকেয়া ভাতা পরিশোধসহ চার দফা দাবিতে গত চারদিন ধরে কর্মবিরতি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে দেশের বিভিন্ন হাসপাতালে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন রোগীরা।

 

এরমধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এতে অংশ নেন কয়েকশ চিকিৎসক। এসময় তারা কর্মক্ষেত্রে হামলা বন্ধের জন্য সংসদে আইন করে চিকিৎসক সুরক্ষা আইন পাসেরও দাবি জানান।

 

অবস্থান কর্মসূচি শেষে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।