Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার প্রস্তাব বাতিল

admin • 29 Feb 2024, 10:06 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার প্রস্তাব বাতিল

সমালোচনার মুখে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু বিচ’ ও সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত অংশকে ‘মুক্তিযোদ্ধা বিচ’ রাখার প্রস্তাব বাতিল করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ১৯ ফেব্রুয়ারি তার স্বাক্ষরেই সুগন্ধা পয়েন্টকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে বঙ্গবন্ধু বিচ এবং সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলীর মাঝামাঝি সৈকতকে বীর মুক্তিযোদ্ধা বিচ নামে নামকরণ করার প্রস্তাব করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে পাঠানো (১৯ ফেব্রুয়ারি) নির্দেশনার ওপর কোনো ব্যবস্থা গ্রহণ না করার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। একই সঙ্গে পূর্বে পাঠানো পত্রটি বাতিল হলো।

এর আগে, সুগন্ধা বিচকে বঙ্গবন্ধু বিচ নামকরণের নির্দেশনা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিশাল এক মানুষের সম্মানে ক্ষুদ্র এই পয়েন্টের নামকরণ নিয়ে দেশজুড়ে এই সমালোচনার জন্ম নেয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ‘বিচের নাম পরিবর্তনের নির্দেশনা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সেই সঙ্গে ওই ঘটনায় জড়িত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘বঙ্গবন্ধু বিচ নামকরণের নির্দেশনা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছিল, ‘সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে সুগন্ধা বিচের নাম বঙ্গবন্ধু বিচ করার সিদ্ধান্ত দিয়েছিল। ওই চিঠির আলোকে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। মন্ত্রণালয়ের আরেক চিঠিতে এটি বাতিলের সিদ্ধান্ত হওয়ায় আমরা সেখান থেকে সরে এসেছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।