সালাম না দেওয়ায় ছাত্রলীগ নেতার বেধড়ক মারপিটের শিকার হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানার বিরুদ্ধে এ মারপিটের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের ৩০৮ নম্বর কক্ষে এ মারধরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীকে মো. মাঞ্জুরুল হাসান ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি ও শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, সালাম না দেওয়া ও লুঙ্গি পরা অবস্থায় চলাচলের কারণে ছাত্রলীগ সভাপতি সোহেল রানা লোকজন নিয়ে তাকে মারপিট করে। এ ঘটনার সঙ্গে ব্যবস্থাপনা বিভাগের ফয়সাল আহমেদ রকি (বহিষ্কৃত), শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের (পিইএসএস) ইসাদ হোসেন, আল-আমিন, মুশফিক ও শেখ বিপুল হাসান, ফার্মেসি বিভাগের রাইসুল হক রানা (বহিষ্কৃত) জড়িত।
তবে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা বিষয়টি অস্বীকার করে জানান, অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। হলের ভেতরে কে লুঙ্গি পরবে আর কে সালাম দিল— এ বিষয়ে আমার কোনো মাথাব্যথা নেই।
এ ব্যাপারে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. তানভীর ইসলাম বলেন, ‘মারামারির ঘটনা শুনে গতকাল রাতে আমি আমার সহকারী প্রভোস্টদের নিয়ে হলে আসি। দেখি ভুক্তভোগী শিক্ষার্থীর মাথায় পানি ঢালা হচ্ছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
তানভীর ইসলাম আরও বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’





