Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় রাজনীতি

সারি সারি ট্রাকে প্রস্তুত হচ্ছে বিএনপির মঞ্চ

admin • 27 Jul 2023, 11:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সারি সারি ট্রাকে প্রস্তুত হচ্ছে বিএনপির মঞ্চ

আগামীকাল বিএনপির মহা-সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। সারিবদ্ধভাবে রাখা আটটি ট্রাকে এ মঞ্চ তৈরির কাজ চলছে।

 

মঞ্চের আশপাশের এলাকা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের মুক্তি ও মহা-সমাবেশে যোগদানের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।

 

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মঞ্চ প্রস্তুত করতে দেখা গেছে৷ জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে মঞ্চ প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে৷

সমাবেশস্থল ঘুরে দেখা দেখা গেছে, সারিবদ্ধভাবে সাজানো হয়েছে আটটি বড় ট্রাক। ট্রাকের দুই পাশের ঢাকনা খুলে একটির সঙ্গে আরেকটি একত্রিত করে এ মঞ্চ তৈরি করা হচ্ছে। পাশাপাশি মঞ্চের সামনের সব ধরনের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে সারিবদ্ধভাবে মাইক সাজানো রয়েছে। একই সঙ্গে চলছে মাইকের সংযোগ পরীক্ষা।

মঞ্চ প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, মঞ্চ তৈরির জন্য যে সময় প্রয়োজন সে সময় আমাদের দেওয়া হয়নি। তবুও নির্ধারিত সময়ের মাঝেই আমরা আমাদের কাজ শেষ করব। আগামীকাল কয়েক লাখ লোকের সমাগমে ঢাকা শহর মিছিলের নগরীতে পরিণত হবে। জনগণ তাদের অধিকার আদায়ের আন্দোলনে দলে দলে একত্রিত হবে।

 

এর আগে মহা-সমাবেশ উপলক্ষ্যে নেতাকর্মীদের করণীয় সম্পর্কে দলটির চেয়াপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছিলেন, আজ সবাই যার যার গন্তব্য চলে যান।

 

আগামীকাল সবাই সমাবেশের প্রস্তুতি নিয়ে আসুন৷ এই মুহূর্তে এখান থেকে সরে যেতে হবে। আমরা মঞ্চ তৈরির কাজ শুরু করব, সেখানে কেউ দাঁড়াবেন না। আমাদের সময় কম। সুতরাং আপনাদের সহযোগিতা প্রয়োজন। মনে রাখতে হবে, সরকারি বিভিন্ন এজেন্ট এসে মহাসমাবেশে ঝামেলা করতে পারে। সুতরাং সবাইকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।