এক্সক্লসিভ
সারা দেশ থেকে ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার
admin
• 31 Mar 2026, 02:42 PM
• পঠিত 0 বার
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, সবমিলিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মনির হোসেন বলেন, সোমবার সারা দেশে অভিযানে অবৈধভাবে মজুত করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার।
তিনি বলেন, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েল মজুত রয়েছে। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন ডিজেল, ৭ হাজার ৯৪০ অকটেন, ১১ হাজার ৪৩১ টন পেট্রোল ও জেট ফুয়েল মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন, বলেন তিনি।
জ্বালানির যুগ্ম সচিব বলেন, ২০২৫ সালের এপ্রিল মাসেও যতটুকু জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে চলতি বছরের এপ্রিল মাসেও একই পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হবে। তো সেই হিসেবে এপ্রিলেও কোনো জ্বালানি তেলেও সংকট হবে না।
তিনি বলেন, ডিজেলের কোনো সংকট নেই। সীমান্তে ডিজেলের পাচার রোধে কড়া নজরদারি জোরদার করা হয়েছে। জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যে সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম নিয়ে আজ সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে।
মনির হোসেন চৌধুরী আরও বলেন, দেশে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ যে পরিমাণ সরবরাহ পাওয়ার কথা ছিল, তা পাওয়া গেছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





