বেআইনী সমাবেশ করে বাসে আগুন দেওয়াসহ ভাঙচুরের দায়ে ঢাকা জেলার সাভার থানা এলাকার বিএনপি ও জামায়াতের ৩০ নেতা-কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামীদের দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস, ৪২৭ ধারায় ৬ মাস এবং ৪৩৬ ধারায় ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় জামিনে থাকা ২৭ আসামি অনুপস্থিত থাকায় তাদেরকে পলাতক দেখিয়ে রায় ঘোষণা করা হয়। তিন আসামি মামলার শুরু থেকেই পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌশলী আনোয়ারুল কবীর বাবুল বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ এপ্রিল সাভারের শিমুলতলার ঢাকা আরিচা মহাসড়কে রাত ৮ টায় বিএনপি ও ১৮ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা মিছিল করে, রাস্তায় চলাচলকারী যানবাহন ভাঙচুর করে এবং বাসে আগুন লাগিয়ে দেয়।
এই ঘটনায় সাভার থানার সহকারী উপপরিদর্শক ফারুক জামান বাদী হয়ে মামলা করেন। ২০১৩ সালের ২৯ জুন পরিদর্শক তদন্ত আমিনুর রহমান চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ৭ জন আদালতে সাক্ষ্য দেন।





