Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাকিবের জন্য জাতীয় দলের দরজা এখনও খোলা: বিসিবি

admin • 27 May 2025, 05:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাকিবের জন্য জাতীয় দলের দরজা এখনও খোলা: বিসিবি

জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানকে আর দেখা যাবে না—এমন আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। দীর্ঘদিন দলের বাইরে থাকা, রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে না ফেরা, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পাওয়া সবকিছুই সেই গুঞ্জনকে জোরালো করছিল।

তবে আশার বার্তা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু স্পষ্ট জানালেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা এখনও বন্ধ হয়নি।

 

বিশ্বসেরা এই অলরাউন্ডার গত বছর ভারতের বিপক্ষে কানপুর টেস্টে দেশের হয়ে শেষবার মাঠে নামেন। সেসময় তিনি ঘোষণা দেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টকে বিদায় জানাবেন এবং টি-টোয়েন্টিও আর খেলবেন না। কিন্তু রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সেই বিদায়ী ম্যাচ খেলাই হয়নি তার। সংসদ সদস্য হিসেবে ক্ষমতা হারানোর পর থেকে জনরোষের ভয়ে দেশে ফেরেননি সাকিব, আর বিসিবিও এরপর তাকে আর বিবেচনায় আনেনি। তবুও বিসিবি তাকে এখনও সম্ভাবনার তালিকা থেকে ছেঁটে ফেলছে না।

 

ইফতেখার রহমান বলেন, “সাকিব সবসময় নির্বাচকদের বিবেচনায় থাকবে। সে বিশ্বমানের একজন ক্রিকেটার, যেকোনো দলের জন্যই বড় সম্পদ। তার বোলিং অ্যাকশন এখন বৈধতার স্বীকৃতি পেয়েছে, তাই আমরা তাকে পর্যবেক্ষণে রাখব।”

 

সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে ফিরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করলেও, পরে সংশোধন করে ফের বৈধতা পান তিনি।

 

বিসিবি পরিচালক আরও বলেন, “সাকিবের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায়নি। সে মাত্র কিছু ম্যাচ খেলেছে। আরও কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করলে ফর্ম ও ফিটনেস বিবেচনায় আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারব।”

 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্স, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হার, অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে।

 

ইফতেখার রহমান বলেন, “তামিম, রিয়াদ, মুশফিক, সাকিব—এই চার সিনিয়র ছাড়া দল অনেকটাই নবীন। অভিজ্ঞতার জায়গায় ঘাটতি আছে, তবে তরুণদের প্রতিভাও কম নয়। সময়ের সঙ্গে তারা পরিণত হবে। আমাদের সামনে শুধুই উন্নতির সুযোগ রয়েছে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।