Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সব রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস

admin • 21 Sep 2024, 04:34 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সব রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস

বিশ্ববাজারে সোনার দামে ঘটছে একের পর এক রেকর্ড। অতীতের সব রেকর্ড ভেঙে এরই মধ্যে সোনার দামে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৬০০ ডলার ছাড়ালো।

 

ফলে দেশের বাজারেও যে কোনো সময় দামি এ ধাতুটির দাম বাড়ানো হতে পারে। এতে সৃষ্টি হবে নতুন রেকর্ড। বর্তমানে দেশের বাজারে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা বিক্রি হচ্ছে।

 

দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ সংগঠনটির পক্ষ থেকে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।

 

গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৫৭৮ দশমিক ৪৮ ডলার। সেখান থেকে বেড়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬২১ দশমিক ৫৯ ডলারে থিতু হয় সপ্তাহ শেষে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৪৩ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ। এর মধ্যে সপ্তাহে শেষ কার্যদিবসেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৩৪ দশমিক ৩৮ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ।

 

সোনার এত দাম এর আগে কখনো দেখেনি বিশ্ববাসী। এর আগে এক আউন্স সোনার দাম সর্বোচ্চ ছিল গত সপ্তাহে। গত সপ্তাহে এক আউনস সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৫৮৪ ডলার পর্যন্ত উঠে ছিল। বিশ্ববাজারে এ দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও গত সপ্তাহে সোনার দাম বাড়ানো হয়।

গত ১৫ সেপ্টেম্বর থেকে সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯২৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এ দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে। এটি দেশের বাজারে এখনো পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।