সন্তানদের আগাম জামিন ঠেকাতে হাইকোর্টে এসেছেন ৭২ বছর বয়সী এক মা। খুরশিদা আক্তার নামের সেই মা হাইকোর্টকে জানান, তার দুই সন্তানকে জামিন দিলে তাকে তারা মেরে ফেলবে। তিনি আরও জানান, তার দুই ছেলে-মেয়ে সরকারী কর্মকর্তা হয়েও সম্পত্তির জন্যে তাকে মারধর করেন।
আদালতকে সামাজিক অবক্ষয়ের কথা উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, যেখানে বৃদ্ধ বয়সে মা-বাবাকে সন্তানদের দেখাশোনা করার কথা সেখানে সম্পত্তির জন্যে মারধর করে। এর আগে খুরশিদা আক্তার কিছু সম্পত্তি বিক্রি করলে সে টাকা নেয়ার জন্যেও সন্তানরা তাকে মারধর করেন। এর মেডিকেল সার্টিফিকেটও তিনি জমা দিয়েছেন।
তিনি আরও জানান, আমি আদালতের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। হাইকোর্ট বিষয়টি অনুধাবন করে তাদের জামিন না মঞ্জুর করেছেন। এবং খুব রূঢ়ভাবে বলেছেন তাদের জামিন দেয়া সম্ভব না।
এ সময় সন্তানদের আইনজীবী আদালতকে জানান, আরেক মেয়ের ইন্ধনে খুরশিদা আক্তার এই মামলার করেছেন। এ মামলার আগে তারা মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ সময় আসামীদের ভর্ৎসনা করে হাইকোর্ট বলেন, যে সন্তান মায়ের বিরুদ্ধে মামলা করতে পারে সে কোনভাবেই ভালো হতে পারেনা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।





