কী রোমাঞ্চকর খেলাই না উপহার দিল ইরান। অতিরিক্ত ৯ মিনিটের একেবারে শেষ মুহূর্তে জোড় গোল দিয়ে ওয়েলসকে হারিয়ে দিল ইরানিরা।
একের পর এক গালের চেষ্টা করে গেছে দুই দল। কোনোটি পোস্টে লেগে ফিরেছে, কোনোটি অফসাইডে বাতিল। কিন্তু সব রোমাঞ্চ জমা হয়েছিল যেন শেষমুহূর্তের জন্য।
যোগ করা সময়ে তিন মিনিটের ব্যবধানে ২ গোল করে শেষ হাসি ইরানেরই। ৯৭ মিনিট পর্যন্ত ০-০ স্কোরলাইনের ম্যাচ শেষের নাটকীয়তায় ইরানের পক্ষে ২-০।
এ জয়ে শেষ ষোলোয় ওঠার আশা টিকে রইল ইরানের। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করা ওয়েলস ইরানের কাছে হেরে অনেকটাই বিদায়ের পথে।
দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না গ্যারেথ বেলদের। দাপট দেখাল ইরান। গতিময় আক্রমণাত্মক ফুটবলে তৈরি করল অসংখ্য সুযোগ। দুটি ব্যর্থ হলো পোস্টে লেগে। চলতি আসরে এটি তাদের প্রথম ও এশিয়ার দেশগুলোর তৃতীয় জয়।
৮৬ মিনিটে গোলরক্ষক লাল কার্ড পেলে দশজনের দলে পরিণত হয় ওয়েলস। সেই সুযোগটা কাজে লাগিয়ে আক্রমণ চালাতে থাকে ইরান। যোগ করা সময়ের নবম মিনিটে এসে গোল করেন রোজবেহ চেশমি। এর তিন মিনিটের মাথায় আরও এক গোল, এবার জাল কাঁপান রামিন রেজাইন।





