পবিত্র শব-ই-বরাত রাতে রাজধানীতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার (৬ মার্চ) সন্ধ্যা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিতনপ্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ মার্চ ২০২২ মঙ্গলবার (১৪ শাবান ১৪৪৪ হিজরী) দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত উদযাপিত হবে।
পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম আগামী ৭ তারিখ সন্ধ্যা ৬টা হতে ৮ তারিখ ভোর ৬ টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।





