নাটোরের লালপুরের আব্দুলপুরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। এতে সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পাকশী রেলওয়ে কর্মকর্তা শাহ সুফি নুর মোহাম্মাদ বলেন, 'দুপুর পৌনে ১টার দিকে ট্রেন দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জংশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।'
এই রেল কর্মকর্তা আরও বলেন, ‘‘দুর্ঘটনার বিষয়ে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারণ জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’





