লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর এলাকায় দেশীয় অস্ত্র, কার্তুজ ও মাদকসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার নন্দনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শাখাওয়াত হোসেন ও মো. রঞ্জু। তারা সদর উপজেলার নন্দনপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র ও মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে তাদের সন্দেহজনক চলাফেরা ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এলাকায় অভিযোগ ছিল। স্থানীয়রা তাদের আটক করে তল্লাশি চালালে একটি দেশীয় অস্ত্র একটি এলজি, দুটি কার্তুজ, প্রায় দুই কেজি গাঁজা এবং অন্যান্য মাদক জব্দ করেন। পরে তাদের পুলিশের কাচে হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, স্থানীয়দের সহায়তায় আটক দুই যুবককে থানায় আনা হয়েছে। অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র-সংক্রান্ত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





