বাংলাদেশ রেলওয়ের টিকিট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার তিন পরীক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন আদালত। এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- ভোলার চর ফ্যাশনের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাদা, গাইবান্ধার পলাশবাড়ীর আব্দুস সামাদের ছেলে মো. রুবেল এবং মাগুরার মোহাম্মাদপুরের মৃত রেজাউল করিমের ছেলে মো. শিহাব।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) জানিয়েছে, তাদের ঢাকা উইং-এর দেয়া তথ্যের ভিত্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও থানা পুলিশ সমন্বয় করে ওই কেন্দ্রে অভিযান চালায়। এ সময় তিন পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইসসহ (মাস্টারকার্ড ও ব্লুটুথ) হাতেনাতে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, একটি চক্রের সঙ্গে তারা প্রত্যেকে ১৬ লাখ টাকার চুক্তি করে পরীক্ষায় অবতীর্ণ হয়।
এনএসআই জানিয়েছে, ইলেকট্রনিক ডিভাইস (মাস্টার কার্ড)-এর মাধ্যমে সিমকার্ড ব্যবহার করে ব্লুটুথ হেডফোনের মাধ্যমে অপর প্রান্ত থেকে উত্তরপত্রের সমাধান করে পরীক্ষার্থীকে পাঠানো হয়।





