‘কয়লাপোড়া’ রোদে বিপর্যস্ত জনজীবন। ইতোমধ্যে দেশের ৬ জেলায় হানা দিয়েছে তাপপ্রবাহ। সেই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৭ ডিগ্রির ঘরে। এই অবস্থায় বুধবার (১৫ এপ্রিল) রাতের মধ্যেই দেশের ২ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বুধবার রাত ১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও তাপপ্রবাহের এমন দাপট অব্যাহত থাকতে পারে। তবে এই অবস্থার মধ্যেই বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নেত্রকোণায় ৪৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪২ মিলিমিটারসহ ঢাকা ও গোপালগঞ্জে সামান্য বৃষ্টি হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





