Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাঙামাটিতে লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জনের মৃত্যু

admin • 15 Feb 2024, 04:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাঙামাটিতে লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জনের মৃত্যু

রাঙামাটির কাউখালীর ঘাগড়ায় একটি লরির সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। ঘটনার পর তাদেরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। আহত আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. হানিফ নামের একজনের পরিচয় হাসপাতাল সূত্রে পাওয়া গেছে। তিনি রাঙামাটি শহরের তবলছড়িস্থ স্বর্ণটিলা এলাকার বাসিন্দা।

 

হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে যাওয়া মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন চক্রবর্তী বলেন, ‘আমরা দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাই। অটোরিকশাটি যাত্রী নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

 

এ সময় অটোরিকশার পেছনে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত একটি খালি লরি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে চাপা দেয়। ফলে অটোরিকশাসহ লরিটি পাহাড়ের নিচে পড়ে যায়। এতে করে অটোরিকশায় থাকা চালক ও যাত্রী সকলেই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যায়।

 

আহতদের মধ্যে সৈকত চাকমা নামের একজন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। আহত মো. নূর আজিম নামের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান।

 

ডা. শওকত আকবর খান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুই জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া মৃত আরও একজনকে কাউখালীতে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

 

এ প্রসঙ্গে কাউখালী থানার ওসি রাজীব কর জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লরিটি জব্দ করেছে। তবে চালক পলাতক আছেন। নিহতদের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।