রংপুরে স্পিরিট পানে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের সোহেল মিয়া (৩০), একই এলাকার আলমগীর (৪০) এবং রংপুর সদর উপজেলার শ্যামপুরের শাহ পাড়ার জেনতার আলী (৪১)। নিহতদের মধ্যে সোহেল ও জেনতার আলী কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার ও রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল হক এই তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, রোববার রাতে তারা হোমিওপ্যাথি ওষুধের স্পিরিট পান করেছিলেন। নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে সোহেল নিজ বাড়িতে এবং আলমগীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
সোহেলের স্ত্রী মোরশেদা বেগম জানান, তার স্বামী রাতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। অন্যদিকে সোমবার দুপুরে পুলিশ খবর পায় যে জেনতার আলীও একই কারণে মারা গেছেন। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শ্যামপুর বসন্তপুর এলাকার জয়নুল আবেদিন দীর্ঘ দিন ধরে হোমিওপ্যাথি ওষুধের স্পিরিট বিক্রি করে আসছিলেন এবং মৃত ব্যক্তিরা তার কাছ থেকেই তা সংগ্রহ করেছিলেন। এ ঘটনায় বিক্রেতা জয়নুলকে ১০ বোতল মদসহ আটক করেছে পুলিশ।





