২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ। এ বোর্ডে মোট ৮৮ হাজার ৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর যশোর বোর্ড থেকে মোট ১ লাখ ৩৫ হাজার ৮০৭ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এর মধ্যে ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, যশোর বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে অনেকটাই এগিয়ে রয়েছে। এ বোর্ডে ছেলেদের পাসের হার যেখানে ৫৯.৮৫ শতাংশ, সেখানে ছাত্রীদের পাসের হার দাঁড়িয়েছে ৭২.৬৪ শতাংশে। মোট উত্তীর্ণদের মধ্যে ৪৮,৪৬৩ জন ছাত্রী এবং ৩৯,৬৩৪ জন ছাত্র। আর অকৃতকার্য হয়েছে মোট ৪৪ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী।
ফলাফল অনুযায়ী, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা যশোর বোর্ডের (৬৬.২৭%) পাসের হারের চেয়ে কিছুটা কম।
এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ড মিলিয়ে দেশজুড়ে সর্বমোট গড় পাসের হার দাঁড়ায় ৬২.২৫ শতাংশ।





