লা লিগায় বার্সেলোনার মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে কথা বললেন অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।
আর্জেন্টাইন এই কোচের মতে, দলের ওপর মেসির যে প্রভাব, সেটি অনেকটাই ম্যারাডোনার মতো। আর্জেন্টিনা দলে দীর্ঘ দিন খেলেছেন সিমিওনে। ১৯৯৪ বিশ্বকাপে সিমিওনে খেলেছিলেন ম্যারাডোনার সঙ্গে।
যদিও গ্রুপ পর্বের ২ ম্যাচ খেলেই বিদায় নিতে হয়েছিল ম্যারাডোনাকে। নিষিদ্ধ ওষুধ এফিড্রিন সেবনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন আর্জেন্টিনার ’৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক।
সিমিওনে জানান, ‘আমি যখন ম্যারাডোনার সঙ্গে বিশ্বকাপ খেলেছি, তখন তিনি দলের অভিজ্ঞতম খেলোয়াড়। তিনি থাকলে মনে হতো, আমাদের পক্ষে ম্যাচ হারাটা কঠিন, কারণ, আমরা দারুণ দল। দলে সেরাদের সেরা থাকলে ম্যাচ হারা আসলেই কঠিন।’
মেসি বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। তার অভাবটা বার্সেলোনা এখনো অনুভব করে। সিমিওনে মনে করেন মেসিহীন বার্সেলোনা এখন প্রতিপক্ষের জন্য আগের চেয়ে অনেক কম হুমকির, ‘মেসির উপস্থিতিটা সব সময়ই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। সেটা আর্জেন্টিনা দল হোক, পিএসজি হোক কিংবা বার্সেলোনা। মেসির মতো একজন খেলোয়াড় থাকলে কোনো দলের জেতার সুযোগটা সব সময়ই বেশি।’
পিএসজিতে এটি মেসির দ্বিতীয় মৌসুম। প্রথম মৌসুমে পিএসজি সাফল্য পায়নি। সাফল্য বলতে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর মেসির লক্ষ্য একটাই-পিএসজিকে আরাধ্য শিরোপাটা এনে দেওয়া।





