Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ফুটবল

মেক্সিকো ম্যাচের আগে ম্যারাডোনাকে স্মরণ মেসির

admin • 26 Nov 2022, 08:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেক্সিকো ম্যাচের আগে ম্যারাডোনাকে স্মরণ মেসির

ডু অর ডাই ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর শিরোপার স্বপ্ন নিয়ে কাতারে আসা দলকে এখন ভাবতে হচ্ছে গ্রুপ পর্ব পার হওয়া নিয়ে। এ লক্ষ্যে আজ রাতে কঠিন পরীক্ষা দিতে হবে লিওনেল মেসির দলকে।

প্রথম জয়ের খোঁজে মেক্সিকো পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। 'সি' গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। একদিন আগে, ২৫ নভেম্বর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার।

ঠিক এই সময় কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। তাই মেক্সিকো ম্যাচের আগে আর্জেন্টিনার অনুপ্রেরণা শুধু ডিয়েগো ম্যারাডোনাই। মেক্সিকোতেই ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছিলেন ডিয়েগো। আজ সেই মেক্সিকো ম্যাচের উপরেই নির্ভর করছে মেসিদের ভবিষ্যৎ।

ফুটবলের এই মহানায়কের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন এই সময়ের জনপ্রিয় তারকা লিওনেল মেসি। ম্যারাডোনার খেলোয়াড়ি জীবনের একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে, ক্যাপশন ছাড়াই।

আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, ২৫ নভেম্বর ম্যারাডোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতেই রুদ্ধদ্বার অনুশীলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চায় ম্যারাডোনা থেকে অনুপ্রেরণা নিয়ে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও জানিয়ে দিলেন, মেক্সিকোর বিপক্ষে ম্যাচে তারা নামবেন ম্যারাডোনার স্মরণে। স্কালোনি বলেন, 'তিনি আমাদের মাঝে আর নেই। তবে তার প্রেরণা সব সময়ই আমাদের সঙ্গে রয়েছে। হয়তো ওপর থেকেই তিনি আমাদের আশীর্বাদ করবেন। মেক্সিকোর বিপক্ষে ভালো করে তাকে উপহার দেব।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।