Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো আয়োজন

admin • 17 Apr 2026, 05:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো আয়োজন

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। সেই থেকে দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে এ বছর দিবসটি উপলক্ষে সরকারিভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।

এর মধ্যেই স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্যরা নিজ উদ্দ্যেগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে তারা এই কর্মসূচি পালন করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বীর মুক্তিযোদ্ধা (অব.) ক্যাপ্টেন আব্দুল মালেক বলেন, ‘১৭ এপ্রিল মুজিবনগর দিবস কোন রাজনৈতিক দিবস নয়। এটি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার জন্য তাৎপর্যপূর্ণ দিন। যে সরকারই আসুক না কেন এদিনটি সরকারি ভাবে পালন করা উচিৎ। যদিও আজ দিনটি সরকারি পালন হচ্ছে না। আমরা ব্যথিত হয়েছি।’

 

এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি তিনি। এতে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এদিকে বিকাল ৩টার দিকে ঢাকা থেকে আগত ‘নাগরিক সমাজ’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।