Monday, 2 November 2026
শিরোনাম
সারা দেশ

মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা

• • পঠিত 35 বার
শেয়ার করুন:
মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেন।

 

শ্রমিকদের অবরোধের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে প্রথমে সড়কে অবস্থান নেন শ্রমিকরা। পরে বেলা ১১টার দিকে মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।

 

শ্রমিকদের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে তারা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

 

অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বলেন, বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করেছেন। এতে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১১ ও মিরপুর-১২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।