Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মালিতে সোনার খনির সুড়ঙ্গে ধস,৭৩ শ্রমিকের প্রাণহানি

admin • 25 Jan 2024, 09:10 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মালিতে সোনার খনির সুড়ঙ্গে ধস,৭৩ শ্রমিকের প্রাণহানি

বিশ্বের অন্যতম সোনা রপ্তানিকারক পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সোনার খনিতে ভয়াবহ ধসের ঘটনায় ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হয়েছেন। খনির গভীরে একটি সুড়ঙ্গ (টানেল) ধসে পড়ার পর বিপুল সংখ্যক প্রাণহানির এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আলাদা প্রতিবেদনে হতাহতের এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অবশ্য নিহতের সংখ্যা কমপক্ষে ৪০ বলে জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে একটি সোনার খনিতে টানেল ধসে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্বর্ণ খনির স্থানীয় কর্মকর্তা ওমর সিদিবে বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘একটি শব্দ হওয়ার পর খনিতে ধস শুরু হয়। মাটি তখন কাঁপতে শুরু করেছিল।’

এদিকে, গত শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্থানে ওই সুড়ঙ্গটি ধসে পড়লেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মৃতের সংখ্যা জানা যায়নি। তবে কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সুড়ঙ্গে ধসের ঘটনায় ৭০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

ওমর সিদিবে বলেছেন: ‘ওই মাঠে ২০০ জনেরও বেশি খনি শ্রমিক ছিলেন। অনুসন্ধান এখন শেষ। আমরা এখন পর্যন্ত ৭৩ জনের মৃতদেহ পেয়েছি।’ তবে মালির খনি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি।

এদিকে মালির সরকার ‘শোকগ্রস্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা’ প্রকাশ করেছে। এছাড়া খনির স্থানগুলোর কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়গুলোকে নিরাপত্তার বিধানগুলো মেনে চলতে এবং শুধুমাত্র সোনার প্যানিংয়ের জন্য সংরক্ষিত এলাকায় কাজ করতেও বলেছে সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মালিতে খনি দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। কারণ বেশিরভাগ খনি শ্রমিক সোনা খননের জন্য অনিরাপদ পদ্ধতির আশ্রয় নেয় যাতে তাদের উচ্চ মৃত্যুঝুঁকি থাকে।

কুলিবালি বলেছেন, অননুমোদিত টানেল বা সড়ঙ্গের মাধ্যমে সোনা উত্তোলন না করতে কড়া নিদের্শ রয়েছে মন্ত্রণালয়ের। কিন্তু তাদের সেই নির্দেশ তোয়াক্কা করা হচ্ছে না। মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা এই ঘটনার আরও তদন্ত করবে এবং আজই (বৃহস্পতিবার) ওই এলাকায় একটি তদন্তকারী দল পাঠাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।