পাকিস্তানের সবচেয়ে লম্বা ব্যক্তি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩০ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার (২ জুলাই) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবর জিও নিউজ
মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের সবচেয়ে লম্বা ব্যক্তির স্থান দখল করেন তিনি। কিন্তু হাঁটু সংক্রান্ত একটি রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন জিয়া রশিদ নামের ওই লম্বা ব্যক্তি। এরপর ২০ বছর বয়সে হঠাৎ করে তার হাঁটুতে সমস্যা দেখা দেয়।
জিয়া রশিদ দাবি করতেন তার উচ্চতা ৮ ফুট ৮ ইঞ্চি এবং তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি। অসুস্থ হলেও নিজের পর্যাপ্ত চিকিৎসা করাতে পারেননি তিনি। এছাড়া সরকারের কাছ থেকেও কোনো সহায়তা পাননি।
২০১৮ সালে বার্তাসংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে জিয়া রশিদ বলেন, আত্মরক্ষা এবং ফিটনেস বজায় রাখতে তিনি তায়কোয়ান্দো প্রশিক্ষণ নিচ্ছেন।
রশিদ জানিয়েছিলেন তিনি মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তিনি আরও পড়তে চান। তবে আর্থিক সমস্যার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারছিলেন না।
উন্নত জীবনযাপনের জন্য সরকারের কাছে তার পরিবারকে সাহায্য করার আবেদন জানিয়েছিলেন তিনি।
সূত্র:জিও নিউজ





