চাঁদপুরের ফরিদগঞ্জে সংসদ সদস্য আলহাজ এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে মামলার বাদীকে গ্রেপ্তার এবং থানার ওসি মো. হেলাল উদ্দিনকে অপসারণের দাবি জানানো হয়েছে।
আজ শনিবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি থেকে বহিষ্কৃত নুরুল ইসলাম নজু পাটওয়ারী, আমানত গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন সিপন ও পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি চলাকালে উপজেলা চত্বরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
তারা জানান, তাদের ওপর হামলার ঘটনার পরও উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা ওসি মো. হেলাল উদ্দিনের অপসারণ দাবি করেন। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক আবুল খায়ের পাটওয়ারী মিথ্যা মামলা দায়ের করেছেন। তাকেও গ্রেপ্তার করতে হবে।





