Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাদকের টাকার জন্য বাবাকে হত্যাচেষ্টা, যুবকের কারাদণ্ড

admin • 24 Jul 2026, 10:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাদকের টাকার জন্য বাবাকে হত্যাচেষ্টা, যুবকের কারাদণ্ড

পঞ্চগড়ের সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে মাদকের নেশার টাকা না পেয়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মিরাজ আলী (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মিরাজ আলী সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিরাজ আলীর বিরুদ্ধে তার বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত এবং চুরি, মারামারি ও পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও ফিরে এসে আবারও মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাদকের টাকা না পেলে তিনি বাড়ির মালামাল বিক্রি করে দিতেন, বিভিন্ন বাড়িতে চুরি করতেন এবং বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দিতেন। এর আগে গাঁজা বিক্রির অভিযোগে দুইবার কারাভোগও করেছেন। তার নির্যাতনের কারণে স্ত্রীও তাকে তালাক দিয়ে চলে যান।

অভিযোগ অনুযায়ী, গত ২২ জুলাই পারিবারিক বিরোধের একপর্যায়ে বাবা কারণ জানতে চাইলে মিরাজ আলী ঘর থেকে একটি করাত এনে তার গলায় ধরে হত্যার চেষ্টা করেন। এ সময় মা বাধা দিতে এগিয়ে এলে তাকেও আক্রমণের চেষ্টা করেন। পরে বাবা-মা দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন।

শুনানিকালে মিরাজ আলী আদালতের সামনে মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। অভিযোগ, স্বীকারোক্তি এবং ঘটনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা বলেন, বাবাকে হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পাওয়ার পর আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, মাদক, পারিবারিক সহিংসতা এবং জনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।