Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু ডাকাতি

admin • 29 May 2025, 10:16 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু ডাকাতি

পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাক থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ১৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় এ চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর থেকে গরুবোঝাই একটি ট্রাক কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি মুলাডুলি রেলগেট অতিক্রম করলে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল একটি ট্রাক ও পিকআপ নিয়ে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামিয়ে কাঁচা রাস্তায় নামিয়ে দেয়।

 

ডাকাতরা ট্রাকের গরুর মালিক জিয়া হোসেন ও চালক নাহিদকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে একটি পিকআপে তোলে এবং রাজশাহীর দিকে রওনা হয়। অপরদিকে ডাকাত দলের অন্য একটি অংশ ট্রাকভর্তি ১৭টি গরু নিয়ে কুষ্টিয়ার দিকে চলে যায়।

 

পরে রাজশাহীর চারঘাট এলাকায় একটি আমবাগানে গরুর মালিক ও চালককে বেঁধে রেখে যায় ডাকাতরা। সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। বিকেলে কুষ্টিয়া এলাকা থেকে গরুর খালি ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে গরুগুলো এখনও উদ্ধার হয়নি। অভিযানের কাজ চলমান রয়েছে।

 

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের ধারণা, একটি সংঘবদ্ধ ডাকাতচক্র দীর্ঘদিন ধরেই এ ধরনের ঘটনা ঘটিয়ে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।