নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। সোমবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মদনপুর এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের এক পাশ বন্ধ থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
পরে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং থানা ও হাইওয়ে পুলিশ একযোগে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত বারোটায় ক্রেন দিয়ে বৈদ্যুতিক খুঁটিগুলো রাস্তা থেকে সরাতে সক্ষম হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানারা ফেরদৌস জানান, নতুন ব্রিজ নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণ কাজের জন্য বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। এছাড়া অল্প কিছুদিন আগে বিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করা হয়েছে। ফলে এমনিতেই মাটি নরম ছিল। তার ওপর গত শুক্রবার সারাদিন মুষলধারে বৃষ্টির কারণে খুঁটির নীচের মাটি আরও সরে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত ভাবে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, চলাচলরত যানবাহনের উপর বিদ্যুতের খুঁটি পড়ে আসমানী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চালক ও হেলপার এবং কাভারভ্যান চালকসহ পাঁচজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





