Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মহান মুক্তিযুদ্ধের সাহসী পুলিশ কর্মকর্তা শহীদ বুদ্ধিজীবী আব্দুল কাদের

admin • 14 Dec 2025, 12:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মহান মুক্তিযুদ্ধের সাহসী পুলিশ কর্মকর্তা শহীদ বুদ্ধিজীবী আব্দুল কাদের

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া ছিলেন সাহসী ও সক্রিয় সংগঠক। তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্তিকামী যুবকদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করেছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করে দেশের স্বাধীনতার সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

শহীদ বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়া ১৯৩০ সালের ১ এপ্রিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা কসিম উদ্দিন আহমেদ ও মা আমেনা খাতুনের নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন একজন আদর্শবান ও নিষ্ঠাবান ব্যক্তি। চাকরিসূত্রে ১৯৭১ সালে তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

মুক্তিযুদ্ধের সূচনালগ্নেই ২৭ মার্চ তিনি দেবীগঞ্জ থানায় বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করে ঘোষণা দেন,“এখন থেকে দেবীগঞ্জ স্বাধীন।” এরপর তিনি মুক্তিকামী যুবকদের প্রশিক্ষণ দিয়ে থানার অস্ত্রশস্ত্র তাদের হাতে তুলে দেন এবং নিজেও সক্রিয়ভাবে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র সংগ্রহের জন্য তিনি সীমান্ত পেরিয়ে ভারতের হলদিবাড়ি যান।

১৯৭১ সালের ৩১ মে পাকিস্তানি সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের একটি সংঘর্ষে তিনি আহত হন। মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হলে তিনি আহত অবস্থায় নিজের বাড়িতে ফিরে আসেন। তার আহত হয়ে বাড়ি ফেরার খবর পেয়ে পাকিস্তান-সমর্থক শান্তি কমিটির লোকজন পাকিস্তানি সেনাদের খবর দেয়। খবর পেয়ে ১ জুন সকালে সেনাবাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে দেবীগঞ্জের ব্রুজেরডাঙ্গা এলাকায় তাকে হত্যা করে এবং লাশ মাটিচাপা দেয়। স্বাধীনতার পর সেখানে তাঁর জুতা, মোজা, আংটি এবং কলম পাওয়া যায়।

এ ঘটনাগুলোর বিবরণ পাওয়া যায় শহীদ বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়ার কন্যা নূরজাহান বেগমের স্মৃতিকথা "আমার বাবা" রচনা থেকে।

স্বাধীনতার পর ১৯৯৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শহীদ পুলিশ কর্মকর্তা আব্দুল কাদের মিয়াকে শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি দেয় এবং তাঁর স্মরণে দুই টাকার স্মারক ডাকটিকিট প্রকাশ করে। পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগড় পুলিশ লাইনে একটি গ্রন্থাগার ও একটি সড়ক তাঁর নামে নামকরণ করা হয়েছে।

প্রতিবছর স্বাধীনতা দিবস, বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ আব্দুল কাদের মিয়ার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ বুদ্ধিজীবী আব্দুল কাদের মিয়ার সাহসিকতা, ত্যাগ ও নেতৃত্ব আজও দেবীগঞ্জবাসীর জন্য অনুপ্রেরণার প্রতীক। তিনি শুধু একজন মুক্তিযোদ্ধা নন, তিনি আমাদের স্বাধীনতার অমর স্মৃতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।