Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ভিসি কোটা বাতিলসহ ৪ দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

admin • 08 Dec 2024, 03:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভিসি কোটা বাতিলসহ ৪ দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

এবারের ২০২৪-২৫ সেশনে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভিসি কোটা বতিল সহ মোট চার দফা দাবিতে মানববন্ধন করেছে জাবি শিক্ষার্থীরা।

 

রোববার ( ৮ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছে "গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

 

মানববন্ধনে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল বলেন, ভিসি এ বিশ্ববিদ্যালয়ের কোনো রাজা, কর্তা বা মালিক নয়, তাহলে তার নামে কেনো কোটা থাকবে? আমরা পূর্বে দেখেছি যে যাদের মামা খালু আছে তারা একটি বার্তার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। ভিসি কোটাকে সম্পূর্ণ অযৌক্তিক আখ্যায়িত করে তিনি বলেন, আমরা মাননীয় ভিসি মহোদয়কে বলতে চাই আপনি যত দ্রুত সম্ভব ভিসি কোটা বাতিল করুন এবং পোষ্য কোটার যৌক্তিক সংস্কার করুন। তিনি মনে করেন, যদি কোটা থাকে তাহলে শুধু প্রতিবন্ধী কোটা থাকতে পারে।

 

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগরে যখন প্রথম কোটা ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তোলা হলো তখন অন্যন্য ক্যাম্পাসগুলোতে কোটা নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে। তার মানে এটা শুধু আমাদের দাবি না, এটি আপামর ছাত্রসমাজের দাবি। আমরা অনেকদিন থেকেই আন্দোলন করে যাচ্ছি কিন্তু প্রশাসন আমাদের কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি, আমরা মনে করছি বর্তমান প্রশাসন আপামর ছাত্রসমাজের সাথে গাদ্দারি করে যাচ্ছে। আমরা চাই যতদ্রুত সম্ভব আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করুন।

 

মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের অপর এক শিক্ষার্থী জিয়াউদ্দীন আয়ান বলেন, আমরা বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে লড়াই চালিয়েছিলাম, এখন অবধি আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর ছাড়া কোথাও ভিসি কোটা নেই। ভিসি কোটাকে একটি অথর্ব কোটা আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিবছর ভিসি কোটায় ২০ জন শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। প্রতি বছর প্রায় ৩০০ শিক্ষার্থী বিভিন্ন ধরনের কোটার মাধ্যমে ভর্তি হয়ে থাকে। কোটার মাধ্যমে ভর্তি হওয়া এসব শিক্ষার্থী নুন্যতম পাশ মার্ক পেয়েও ভর্তি হওয়ার সুযোগ পায় অথচ অনেক মেধাবী শিক্ষার্থীরা ভালো ফলাফল করেও ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আমরা চাই পোষ্য কোটার যৌক্তিক সংস্কার করা হোক এবং অথর্ব ভিসি কোটা বাতিল করা হোক।

 

মানববন্ধনে আব্দির রশিদ জিতু বলেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে আসছিলাম। প্রশাসন আমাদের মৌখিক আশ্বাস দিলেও কোনো প্রজ্ঞাপন জারি করতে পারেনি। কোটা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান রয়েছে, চলমান থাকবে।

 

জুলাই বিপ্লবকে স্মরণ করে তিনি আরও জানান, আমাদের লজ্জা লাগে যখন এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও সেই কোটা বাতিলের দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে এসে দাড়াতে হয়! আমরা প্রশাসনকে বলে দিতে চাই, যদি আজকের পর থেকে আর একটি দিনের জন্যেও কোটার দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে এসে দাড়াতে হয় তাহলে বর্তমান প্রশাসনের মধ্যে যারা গণ অভ্যুত্থানের ফসল, তাদের বিরুদ্ধেও আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তুলব।

 

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।