Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভিজিএফের সেই ৪ হাজার কার্ড ফেরত দিলেন বিএনপি নেতারা

admin • 24 May 2026, 07:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভিজিএফের সেই ৪ হাজার কার্ড ফেরত দিলেন বিএনপি নেতারা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে বরাদ্দ পাওয়া সেই চার হাজারের বেশি ভিজিএফ কার্ড ইউপি চেয়ারম্যানের কাছে ফেরত দিয়েছেন বিএনপি নেতারা। যদিও বিএনপি নেতাদের দাবি, শুরু থেকেই তারা কোনো কার্ড নিজেদের কাছে নেননি।

রোববার (২৪ মে) দুপুরে কার্ড ফেরত দেওয়ার একটি ১০ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল কার্ডগুলো ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের কাছে ফেরত দিচ্ছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২১ মে) বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ তার কার্যালয়ে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দেন। এ সময়কার ছবি ও ভিডিও এশিয়া পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

কার্ড ফেরত দেওয়ার বিষয়ে বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিজিএফ কার্ড দেওয়ার পরেই আমি উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলি। তাদের নির্দেশনা না থাকায় তাৎক্ষণিক কার্ডগুলো চেয়ারম্যানের কাছে রেখেই আমরা চলে আসি। আমাদের নামে যে অনিয়মের কথা ছড়ানো হচ্ছে তা সত্য নয়। স্থানীয় বিএনপি কোনো ভিজিএফ কার্ড নিজেরা নেয়নি।

এ বিষয়ে জানতে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, বিএনপি নেতাদের দেওয়া কার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে। সরকারি যথা নিয়মে কার্ডগুলো বিতরণ করা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।