আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়ে ওপেনিংয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। সাইফ হাসান সাবলীলভাবে রান তুলতে না পারলেও তানজিদ তামিমের সঙ্গে ৬.৪ ওভারে ৬৩ রান যোগ করে ফেরেন। ১৩ ওভারে একশ’ ছাড়ায় বাংলাদেশ। তারপরও ৫ উইকেটে ১৫৪ রানে আটকে গেল বাংলাদেশ।
বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে পারভেজ ইমনের জায়গায় নেমে সাইফ হাসান ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলে। নতুন বলে শট খেলতে ব্যর্থ হওয়া এই ব্যাটার দুটি চার ও একটি ছক্কা মারেন। পরেই সাজঘরে ফেরা অধিনায়ক লিটন দাস ১১ বলে ৯ রান করেন।
সাবলীল ব্যাটিংয়ে রান বাড়িয়ে নেওয়ার কাজ করা তানজিদ তামিম তৃতীয় ব্যাটার হিসেবে দলের ১০৪ রানে ফিরে যান। তার ব্যাট থেকে ৩১ বলে ৫২ রান আসে। তিনি চারটি চার ও তিনটি ছক্কা তোলেন।
চারে ব্যাট করা তাওহীদ হৃদয় এদিনও প্রত্যাশা মিটিয়ে রান তুলতে পারেননি। তিনি ২০ বলের মুখোমুখি হয়ে ২৬ রান করেন। একটি করে চার ও ছক্কা মারেন। স্লগার শামীম পাটোয়ারি চাহিদা মিটিয়ে রান তুলতে ব্যর্থ হওয়ার পর একই দশা হয় জাকের আলী ও নুরুল হাসান সোহানের। শামীম ১১ বলে ১১ রান করেন। জাকের ১৩ বলে ১২ ও সোহান ৬ বলে ১২ রানের হার না মানা ইনিংস খেলেন।
আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দুই লেগি রশিদ খান ও নুর আহমেদ। এর মধ্যে অভিজ্ঞ রশিদ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি এবং নুর ২৩ রান দিয়ে নেন ২ উইকেট। মিডিয়াম পেসার আজমতউল্লাহ ৩ ওভারে ১৯ রান খরচা করে ১ উইকেট নেন।





