রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জনই শিশু। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, ট্রেন থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২ শিশু রয়েছে। এছাড়া দগ্ধ হাসিবকে (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের আট শতাংশ ঝলসে গেছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনের কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়েছিল। প্রথমে স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।
এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, বেনাপোল এক্সপ্রেসের চারটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিনির্বাপণ কর্মীদের চেষ্টায় রাত সোয়া ১০টায় তা নিয়ন্ত্রণে আসে।
এর আগে ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ চারজনের মৃত্যু হয়। সবমিলিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৮ জন নিহত হলেন।





