Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বিশ্ব মানবিকতার বিবেক এখন কোথায় : প্রধান বিচারপতি

admin • 12 Nov 2023, 09:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিশ্ব মানবিকতার বিবেক এখন কোথায় : প্রধান বিচারপতি

ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিশ্ব মানবিকতার বিবেক এখন কোথায়? নবী করিম (সা.) মানুষের প্রতি ভালোবাসার কথা বলেছিলেন।

 

রোববার (১২ নভেম্বর) পবিত্র ঈদে মিলাদু্ন্নবী-২০২৩ উপলক্ষে ‘হযরত মুহাম্মদ (সা.) এবং একটি মানবিক বিশ্ব’ শীর্ষক এক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান (এম আর হাসান), অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, আমরা একটা বিশ্বাসের ওপরে চলছি। এই বিশ্বাসটা হচ্ছে, নবী করিম (সা.) বলে গেছেন এইটা আল্লাহর কুরআন। তোমরা এটা ফলো করো। এখানে সব কথা বলা আছে। এই অনুযায়ী চলো।

 

প্রধান বিচারপতি বলেন, বিশ্বে আজকে যে মানবিক বিপর্যয় ঘটছে। ফিলিস্তিনের যে অবস্থা। এর জন্য কারা দায়ী, কিভাবে দায়ী, কেন হলো এই অবস্থা। ইতিহাস পেছন থেকে একটু পড়তে হবে। ইতিহাস যদি পড়েন দেখবেন। কমবেশি সকলের ভুল থাকতে পারে। কিন্তু একটি বিষয়ে ভুল নেই। মানুষকে হত্যা করা, নারী হত্যা করা, শিশু হত্যা করা, যেকোনো মানুষকে হত্যা করা জঘন্য পাপ। সকল ধর্মে তাই বলে।

 

ফিলিস্তিনের বিপর্যয়ের বিষয়ে প্রধান বিচারপতি আরও বলেন, টেলিভিশনে দেখবেন প্রতিদিন ফিলিস্তিনে কত লোক মারা যাচ্ছে। আমরা এক উম্মাহ বলি। সারাবিশ্বের মুসলিমরা এক উম্মাহ। কোথায়? কোথায় হইচই, কোথায় শব্দ?

 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ইউক্রেনে রাশিয়া আক্রমণ করেছে। আমরা কোনো আক্রমণকে সমর্থন করি না। বাংলাদেশ সরকারও সমর্থন করেনি। সেখানে বিশ্বের বহু অংশ সরব। জাতিসংঘে রেজুলেশন নিচ্ছে। সেখানে তারা ভেটো দিচ্ছে। কিন্তু ইসরাইলের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব একটি শক্ত কথা বলেছেন, সেই শক্ত কথা বলার পরে জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ দাবি করা হচ্ছে।

 

ইসরাইল সে দিন যে ধৃষ্টতা দেখিয়েছে যে রেজুলেশনের কপি ছিঁড়ে ফেলে দিলো কোনো একটা মিটিংয়ে। আমার কাছে মনে হয়েছিলো পতন বোধহয় আসন্ন। কারণ এ রকম একটি ঘটনা ১৯৭১ সালে জুলফিকার আলী ‍ভুট্টো ঘটিয়েছিলেন। যখন নাকি বাংলাদেশের অত্যাচারের ব্যাপারে একটি রেজুলেশন নেয়া হয়েছিল। জুলফিকার আলী ভুট্টো তখন সেটা ছিঁড়ে রেখে দিলেন। পতন হয়ে গেল পাকিস্তানের। ঠিক আমার কাছে মনে হয়েছে ইসরাইল সে ঘটনা ঘটিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।