Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ

admin • 21 Oct 2025, 10:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে উঠেছে নানান অভিযোগ ও সমালোচনা।

 

নির্বাচনে অ্যাডহক কমিটির সভাপতি অভিভাবক সদস্য পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য প্রার্থীরা। অভিযোগ রয়েছে, অ্যাডহক কমিটির সভাপতি পদে বহাল থেকেও তিনি অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

 

অভিভাবক সদস্য প্রার্থীরা জানান, অ্যাডহক কমিটির সভাপতি রইচ উদ্দিন মাষ্টার সভাপতির পদ ব্যবহার করে তিনি প্রভাব খাটিয়ে ভোট প্রক্রিয়ায় অনৈতিক সুবিধা নিতে পারেন। এছাড়া রইচ মাষ্টারের ছেলের বিরুদ্ধে নারী প্রার্থীকে নিয়ে প্রার্থীর মেয়েকে অপমানিত করা সহ নির্বাচনী পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে।

 

এই অনিয়মের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিতে গেলে উল্টো মাধ্যমিক শিক্ষা অফিসার তাদের প্রার্থিতা বাতিলের হুমকি দেওয়া দেন। এতে তারা ভয় ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

 

প্রার্থীরা আরো অভিযোগ করে জানান, নির্বাচনী তফসিল ঘোষণার আগে স্কুল কর্তৃপক্ষ বা অ্যাডহক কমিটি কোনো অভিভাবক সভা করেনি। ফলে অনেক অভিভাবক জানেনই না কে ভোটার এবং কীভাবে ভোট প্রদান করবেন।

 

গ্রামের অনেক অভিভাবক নিরক্ষর হওয়ায় ভোট প্রদানের নিয়মকানুনও তাদের জানানো হয়নি। এদিকে ভোটার তালিকা নিয়েও দেখা দিয়েছে জটিলতা।  অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অভিভাবকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের একাধিক অভিভাবকের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

 

অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করেছেন, এ্যাডহক কমিটির সভাপতি পদে বহাল থাকা অবস্থায় নির্বাচন করাকে কেন্দ্র করে যে কোনো সময় বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তারা দাবি জানিয়েছেন সুষ্ঠু ভোটার তালিকা পুনঃপ্রকাশ করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

এ বিষয়ে জানতে অ্যাডহক কমিটির সভাপতি রইচ উদ্দিন মাষ্টারের সাথে যোগাযোগ করলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি।

 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক জানান, অ্যাডহক কমিটিতে থেকে তিনি বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকায় অভিভাবক পদে নির্বাচন করতে পারবেন। এতে কোনো আইনি জটিলতা নেই। তবে প্রার্থিতা বাতিলের হুমকির অভিযোগ তিনি অস্বীকার করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম বলেন, অ্যাডহক কমিটির সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতি পদ ছাড়া অন্যান্য পদে নির্বাচন করতে পারেন। তবে তিনি কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারবেন না। মাধ্যমিক শিক্ষা অফিসার বিষয়টি তদারকি করবেন। তিনি আরও জানান, নির্বাচনে কেউ প্রভাব বিস্তার বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।