রাজধানীর রমনা এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাস চাপায় চাঁদনী আক্তার(১৮) নামে এক গৃহবধূর ডান পা বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটায় রমনার সুগন্ধা অতিথি ভবনের সামনের ইউটার্নে এ দূর্ঘটনা হয়।
চাঁদনী আক্তার বরিশালের বানারীপাড়া থানার কুনদিহার গ্রামের চুন্নু মিয়ার মেয়ে । বর্তমানে ৪২/১/এ খিলগাঁও নয়া পাড়ায় স্বামীর সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত।
গুরুতর আহত অবস্থায় চাঁদনীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেলের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ আলাউদ্দিন বলেন, ‘বাস চাপায় ওই গৃহবধূর ডান পায়ের হাঁটুর নিচের অংশ সম্পূর্ণ থেতলে গিয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আমরা তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি। বর্তমানে তাঁকে স্যালাইন এবং রক্ত দেওয়া হচ্ছে। অবস্থার কিছুটা স্বাভাবিক হলে আমরা পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নিব। তবে বর্তমানে ওই তাঁর অবস্থা খুবই ক্রিটিকাল।’
গৃহবধূ স্বামী রবিউল জানান, তিনি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কাকরাইল মোড় পার হচ্ছিলেন। এমন সময় একটি সিএনজি মোটরসাইকেলটিকে চাপ দিলে চাঁদনী ছিটকে পড়ে যায়। ঠিক সেই সময় দ্রুতগতির একটি বাস তাঁর স্ত্রীর ডান পায়ের উপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় সে ।





