বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান আজ শীর্ষ দুইয়ে। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার বায়ু মানের সূচক (একিউআই) ছিল ১৭১, যেটিকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে ভারতের দিল্লি ও ইরাকের বাগদাদ যথাক্রমে ১৯৮ ও ১৬৯ একিউআই সূচক নিয়ে তালিকার প্রথম ও তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে নেপালের কাঠমান্ডু ও ১৬২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তানের লাহোর।
স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ৩০১ থেকে স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।





