নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্ব পাশে বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে হাতিয়ার ইসলাম চরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই নাবিকরা ৯৯৯ এ কল দিয়ে সহযোগীতা চান। পরে ৯৯৯ থেকে হাতিয়া নৌ-পুলিশ ও কোষ্টগার্ডকে সহযোগিতার জন্য বলা হয়। খবর পেয়ে দুপুর ২টার দিগে কোষ্টগার্ড ও নলচিরা নৌ-পুলিশের দুটি টিম উদ্বার করার জন্য হাতিয়ার নলচিরা ঘাট থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়।
হাতিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান জানান, ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগর মোহনায়। নদী খুবই উত্তাল হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে তাদের সময় লাগবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নাবিকরা সবাই ডুবে যাওয়া জাহাজের উপরের অংশ ধরে ভাসছে বলে জানা গেছে।
নৌ-পুলিশের পরপরই হাতিয়া কোষ্টগার্ডের একটি টিম ট্রলার নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
এ ব্যপারে জাহাজের মালিক পক্ষের একজন মোহাম্মদ ওহায়েদুল ইসলাম মোবাইলে জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। ডুবে যাওয়ার প্রকৃত কারণ জানা যায়নি। জাহাজে থাকা লোকজনের সাথে প্রথমে কথা বলা গেলেও মোবাইল নেটওয়ার্ক না থাকায় এখন যোগাযোগ করা যাচ্ছে না। জাহাজটি চট্রগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল। জাহাজে ১২ জন নাবিক ছিলেন।





